জাকারিয়া: যারা পেওনার কার্ডটি সম্পর্কে অবগত নন, তাদের জন্য বিষয়টি বিস্তারিত আলোচনা করছি। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড। এই পদ্ধতিতে মাস শেষে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। এজন্য এককালীন খরচ পড়বে ২০ ডলার আর সাইটির মাসিক ব্যবস্থাপনা ফি ৩ ডলার। ATM থেকে প্রতিবার টাকা উত্তোলনের জন্য খরচ পড়বে ২.১৫ ডলার + উত্তোলনকৃত অর্থের ৩%। এই কার্ড দিয়ে টাকা উত্তোলনের পাশাপাশি অনলাইনে কেনাকাটাও করতে পারবেন। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।
পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে। নিচে রেন্ট-এ-কোডার সাইট থেকে কিভাবে মাস্টারকার্ডটি পাওয়ার ধাপসমূহ পর্যায়ক্রমে বর্ণনা করা হল -
১) রেন্ট-এ-কোডারে লগইন করে ডান দিকের কলাম থেকে My Pay Options সিলেক্ট করুন। পরবর্তী পৃষ্ঠা থেকে Payoneer Prepaid Mastercard অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এরপর দুটি অপশন দেখতে পাবেন, প্রথমটি (I have not yet registered ...) সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
২) আপনি এখন চলে আসবেন পেওনারের সাইটে, এখান থেকে Get Your Prepaid Mastercard Now! বাটনটি ক্লিক করুন।
৩) কার্ডটি অর্ডার করার জন্য তিনটি বাটন দেখতে পাবনে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ক্লিক করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
৪) প্রথম ধাপে আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল, আপনার ঠিকানা ইত্যাদি তথ্য দিন। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই রেন্ট-এ-কোডার সাইটে যে ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন সেটি দিতে হবে। আপনা ঠিকানা লেখার সময় বিশেষ কোন চিহ্ন (যেমন - , /) ইত্যাদি ব্যবহার করতে পারবেন না, কেবলমাত্র বর্ণ এবং সংখ্যা দিয়ে ঠিকানা লিখতে হবে।
৫) দ্বিতীয় ধাপে আপনার ইউজার নাম (এখানে আপনার ইমেইল ঠিকানাটি দিন), পাসওয়ার্ড ইত্যাদি দিন।
৬) তৃতীয় ধাপে আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের তথ্য দিন।
৭) "I agree to the ..." নামক তিনটি চেকবক্স সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন।
অর্ডারটি সঠিকভাবে সম্পন্ন হলে আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন। তারপর ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার ঠিকানায় একটি MasterCard পৌছে যাবে। কার্ডটি হাতে পাবার পর নির্দেশনা অনুযায়ী কার্ডটি সচল করতে হবে এবং যে কোন চারটি সংখ্যার একটি গোপন পিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে যেকোন ATM থেকে (যেগুলো এই কার্ডটি সাপোর্ট করবে) টাকা সহজেই উত্তোলন করতে পারবেন।
কার্ডটি সফলভাবে সচল করার পর রেন্ট-এ-কোডার সাইটের My Pay Options > Payoneer Prepaid Mastercard অংশে এসে কার্ডটির পেয়েছেন কিনা তা জানাতে হবে। এরপর প্রতি মাস শেষে বা মাসের মাঝামাঝি সময়ে রেন্ট-এ-কোডার স্বয়ংক্রিয়ভাবে কার্ডে টাকা লোড করবে।
নভেম্বর ২৫, ২০০৮
আমি অনলাইন আউটসোর্সিং কাজের ব্যাপারে বেশ আগ্রহী। কিন্তু অনলাইন আউটসোর্সিং কাজ করার মত আমার কোন পূর্ব অভিজ্ঞতা বা ট্রেনিং কিছুই নেই। আর এজন্যই আমি প্রথমে আপনার সহযোগিতায় ডাটা এন্ট্রির মত কিছু কাজ করতে ইচ্ছুক।
জাকারিয়া: সত্যি কথা বলতে কি ডাটা এন্ট্রি কাজ পাওয়া খুব কঠিন। এক একটি প্রজেক্টে শত শত বিড করা হয়। তার মধ্য থেকে নতুনদের জন্য কাজ জেতা প্রায় অসম্ভব। তবে পূর্ব পরিচিত ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন। এধরনের কাজ করার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা রয়েছে। যেমন, ডাটা এন্ট্রি কাজগুলো একঘেয়ে হয়ে থাকে, এতে নিজের মেধাকে কাজে লাগানোর কোন সুযোগ থাকে না, এধরনের কাজে পরিশ্রমের তুলনায় আয় অনেক কম। অন্যদিকে ওয়েবসাইট প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইটের টেম্পলেট তৈরি, 3d এনিমেশন, ফ্লাশের এনিমেশন ইত্যাদি কাজের রয়েছে ব্যাপক চাহিদা - যা দিন দিন কেবল বৃদ্ধি পাচ্ছে। তাই এই মূহুর্তে অনলাইন ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা না করে আগে নিজেকে যথাযথভাবে তৈরি করে নিন এবং যেকোন একটি মাধ্যমে পুরোপুরি দক্ষ হয়ে নিন। শেখার জন্য বিভিন্ন ধরনের বই, ভিডিও টিউটোরিয়াল সিডি এবং ইন্টারনেটে অসংখ্য টিউটোরিয়াল সাইট পাবেন, যা থেকে ঘরে বসে একা একাই শিখতে পারবেন।
এপ্রিল ৪, ২০০৯
মোঃ মুসাব্বির হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়শুরুতেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় কম্পিউটার জগৎ ম্যাগাজিনে ফ্রিল্যান্সিং নিয়ে চমৎকার লেখার জন্য। আপনার সর্বশেষ লেখা ছিল ওয়েবসাইট ডিজাইনিং নিয়ে, যা ছিল অসাধারণ। আমি আপনার লেখা পড়ে দারুনভাবে অনুপ্রাণিত। ম্যানেজমেন্ট এর ছাত্র হওয়া সত্বেও আইটি প্রোফেশনাল হতে আগ্রহী। আপনার লেখা আমাকে আশান্বিত করেছে। আপনার লেখা পড়ে আমি ঘরে বসে HTML শেখা শুরু করেছি এবং লেখক "Jon Duckett" এর লেখা "Beginning web programming with HTML, XHTML and CSS" বইটি ৪০% পড়ে ফেলেছি। আমি চিন্তা করছি ঘরে বসে HTML, XHTML এবং CSS পড়া শেষ করে কোন নামকরা প্রতিষ্ঠানে ডিপ্লোমা করব। আমি PHP, Joomla ইত্যাদি বিষয়েও আগ্রহী। আমি কি অতিরিক্ত পরিকল্পনা করে ফেলেছি? অথবা এটা কি আমার দ্বারা সম্ভব হবে?জাকারিয়া: জেনে খুব ভাল লাগল যে আপনি আমার লেখা পড়ে ওয়েবসাইট ডিজাইনিং এ অনুপ্রাণিত হয়েছেন। শিখতে থাকুন, আমার বিশ্বাস আপনি ভাল করতে পারবেন। সত্যি কথা বলতে কি, ওয়েবসাইট ডিজাইনিং আপনি সম্পূর্ণ ঘরে বসেই শিখতে পারবেন, শুধু চাই ধৈর্য্য এবং একাগ্র চিত্তে অনুশীলন। PHP সম্পর্কে আমি বলব প্রোগ্রামিং এ প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া ঘরে বসে ভালভাবে শেখা সম্ভব নয়। কোন একটি প্রোগ্রামিং এর শুধু নিয়মকানুন জানলেই চলে না, সাথে প্রয়োজন হয় যথাযথ অনুশীলন। আমার পরামর্শ হল, ওয়েবসাইট প্রোগ্রামিং অথবা ওয়েবসাইট ডিজাইনিং এর মধ্যে যে কোন একটিকে নির্বাচন করুন।
এপ্রিল ২০, ২০০৯
সাইদ, রাজশাহীআপনাকে অনেক ধন্যবাদ Freelancing/Outsourcing নিয়ে নিয়মিত লেখার কারণে। বেশ কিছুদিন ধরেই আপনার লেখা পড়ছি। আপনি সবাইকে উৎসাহিত করছেন freelance করার জন্য। খুবই ভাল একটা উদ্দ্যোগ। আমি নিজেও বেশ কিছুদিন ধরে freelancing করি। আমি তিনটা সাইটে অনেক গুলো কাজও করেছি। আপনি জানেন আমাদের দেশে এধরেন কাজ করার জন্য যে ধরনের কাঠামো থাকা দরকার তা আমাদের নেই। যেমন ভাল ইন্টারনেট স্পীড, দেশে টাকা আনার সুরক্ষিত এবং দ্রুত ব্যবস্থা, যার কোনটাই আমাদের নেই। Paypal নেই, Moneybooker এ টাকা আনতে প্রায় ১৫-২০ দিন বা কোন সময় তারও বেশি লেগে যাই, যা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কালক্ষেপণের কারণে। আর অন্য যে ব্যবস্থা রয়েছে তা অনেক ব্যয়বহুল যেমন Payoneer Card। আপনার লেখাগুলো যেমন আমাদের আরও কাজ করতে উৎসাহিত করে, তেমনি আপনি যদি এই অসুবিধাগুলো নিয়ে লেখেন তাহলে সরকারেরও এই সেক্টরটা নিয়ে ভাবতে বাধ্য করবে। আমার মনে হয় যারা এই লাইনে নতুন কাজ করতে আসছে তারা খুব আগ্রহ নিয়েই কাজ শুরু করবে কিন্তু একটা সময় আর কাজ করার আগ্রহ পাবে না, যখন তারা এই সমস্যাগুলোতে পড়বে। আশা করি আপনি এই সমস্যা তুলে ধরবেন সরকারের কাছে আপনার লেখার মাধ্যমে।
জাকারিয়া: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, Paypal ছাড়া ফ্রিল্যান্সিং বেশ ঝামেলাপূর্ণ এবং ব্যায়বহুল। Paypal নিয়ে জুলাই ২০০৯ সংখ্যায় একটি প্রতিবেদন লিখেছি। তবে এই সমস্যার মধ্যেই কিন্তু অনেকে ভালই ফ্রিল্যান্সিং করছে। আমার কথাই ধরা যাক, আমি ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করছি। অর্থ উত্তোলনের ক্ষেত্রে আমার কাছে পছন্দের হচ্ছে যথাক্রমে - ১) Payonneers ২) Moneybookers ৩) Bank Transfer । আমি এই তিনটি পদ্ধতির সংমিশ্রণে অর্থ উত্তোলন করে থাকি।